লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন যে তিনি দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। কারণ হিজবুল্লাহ এখনও রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েল গত সপ্তাহে বলেছিল যে তারা লিতানি নদী পর্যন্ত একটি “বাফার জোন” সম্প্রসারণ করছে। তবে নেতানিয়াহু ঠিক সেই এলাকাকেই বোঝাচ্ছিলেন কিনা, নাকি আরও অতিরিক্ত এলাকা দখলের কথা বলেছেন—তা পরিষ্কার নয়।

“আমি এখন নির্দেশ দিয়েছি যে বিদ্যমান নিরাপত্তা অঞ্চল আরও বিস্তৃত করা হোক, যাতে আক্রমণের হুমকি পুরোপুরি নস্যাৎ করা যায় এবং আমাদের সীমান্ত থেকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হামলা দূরে ঠেলে দেওয়া যায়,”—ইসরায়েলের নর্দার্ন কমান্ড থেকে ভিডিও বার্তায় বলেন নেতানিয়াহু।

তার কার্যালয় এ বিষয়ে আর বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় এবং বিষয়টি এখনও নিরাপত্তা মন্ত্রিসভায় আলোচনা হয়নি।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, ইসরায়েলি বাহিনী “অবশিষ্ট সেতুগুলো এবং লিতানি নদী পর্যন্ত নিরাপত্তা অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে।” লিতানি নদী ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগরে মিশেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়া শুরু করে। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন সংঘাতে হিজবুল্লাহর ৪০০-এর বেশি যোদ্ধা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা ও স্থল অভিযানে ১,১০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু, নারী ও চিকিৎসাকর্মীও রয়েছেন। তবে তারা বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে দেখায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের লড়াইয়ে তাদের চারজন সৈন্য নিহত হয়েছে। নেতানিয়াহু বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য ইসরায়েলের উত্তর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা।

“আমরা হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে নির্মূল করেছি, এবং সর্বোপরি দেড় লাখ মিসাইল ও রকেটের বিশাল হুমকি দূর করেছি, যা ইসরায়েলের শহরগুলো ধ্বংস করার উদ্দেশ্যে ছিল,” তিনি বলেন।

“তবে হিজবুল্লাহ এখনও কিছু রকেট হামলার সক্ষমতা ধরে রেখেছে… আমরা উত্তরাঞ্চলের পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, ইসরায়েল ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে—যার মধ্যে হিজবুল্লাহ এবং গাজায় সক্রিয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস রয়েছে—একটি বহু-মুখী অভিযান পরিচালনা করছে, এবং তাদের এই পদক্ষেপ ইরানের আঞ্চলিক প্রভাব দুর্বল করছে।