মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠাবেন মাস্ক
পৃথিবীর কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতির জন্য আবেদন করেছে ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। এতে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিং শক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য ‘অরবিটাল ডেটা সেন্টার’ সবচেয়ে কম খরচে ও শক্তি–সাশ্রয়ী উপায়।
সাধারণত ডেটা সেন্টার বলতে শক্তিশালী কম্পিউটারে ঠাসা বিশাল গুদামঘরের মতো স্থাপনাকে বোঝায়, যেখানে তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয়। তবে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থাটি দাবি করছে, এআই-এর ক্রমবর্ধমান ব্যবহারের কারণে যে পরিমাণ প্রক্রিয়াকরণ সক্ষমতা প্রয়োজন হচ্ছে, তা এরইমধ্যে পৃথিবীর স্থলভিত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে।
এই স্যাটেলাইট স্থাপনের অনুমতি পেলে কক্ষপথে স্পেসএক্স-এর স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। বর্তমানে প্রায় ১০ হাজার স্যাটেলাইট নিয়ে গঠিত প্রতিষ্ঠানটির স্টারলিংক নেটওয়ার্কের বিরুদ্ধে এরইমধ্যে মহাকাশে জটলা তৈরির অভিযোগ আনা হয়েছে, যদিও মাস্ক সেই অভিযোগ অস্বীকার করেছেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) কাছে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, নতুন এই নেটওয়ার্কে সর্বোচ্চ ১০ লাখ সৌরশক্তিচালিত স্যাটেলাইট অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সূচি আবেদনে উল্লেখ করা হয়নি।
স্পেসএক্সের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে বিশ্বজুড়ে ‘বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারীকে’ সেবা দিতে প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করা সম্ভব হবে।
