যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শিগগিরই’ পরবর্তী দফার আলোচনা রাজি ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন দফার আলোচনা “শিগগিরই” অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের “অবিচ্ছেদ্য অধিকার”, আর পারস্পরিক আস্থা গড়ে তুলতে সময় লাগবে।

আব্বাস আরাগচি বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ছিল “একটি ভালো সূচনা”

ইরানি সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত আল জাজিরা নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারের অংশবিশেষে আরাগচি বলেন, “(পারমাণবিক) সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি অব্যাহত থাকতে হবে। এমনকি বোমা হামলা করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি।”

তিনি আরও বলেন, “সমৃদ্ধকরণ নিয়ে একটি আশ্বস্তকারী চুক্তিতে পৌঁছাতে আমরা প্রস্তুত।”পরে আল জাজিরা ওই সাক্ষাৎকারটি আরবি ডাবিংসহ অংশে অংশে প্রকাশ করে। আরাগচি বলেন, “ইরানের পারমাণবিক ইস্যু কেবল আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে।”

তার এই মন্তব্য আসে মাস্কাটে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর একদিন পর। এর আগে, সরকারবিরোধী বিক্ষোভে ইরানের প্রাণঘাতী প্রতিক্রিয়ার পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর মোতায়েন করে।

শুক্রবারের আলোচনা ছিল গত বছর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পর প্রথম বৈঠক। ওই আলোচনাগুলো ভেঙে যায় ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার পর, যা ইরানের বিরুদ্ধে চালানো হয়েছিল এবং যার ফলে ১২ দিনের একটি যুদ্ধ শুরু হয়।

ওই যুদ্ধ চলাকালে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। আরাগচি শুক্রবারের আলোচনাকে আবারও “একটি ভালো সূচনা” বলে উল্লেখ করলেও বলেন, “আস্থা গড়ে তুলতে এখনও অনেক পথ বাকি।”

তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ইরান “এই অঞ্চলে তাদের (মার্কিন) ঘাঁটিগুলোতে আঘাত হানবে।”

তিনি জানান, মাস্কাটের আলোচনা ছিল ওমানের মধ্যস্থতায় পরোক্ষ, তবে একই সঙ্গে বলেন যে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে করমর্দনের একটি সুযোগও ছিল