ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বৃহস্পতিবার বলেছেন, দেশটিতে বিশ্বের বৃহত্তম গ্যাস স্থাপনায় ইরানের হামলা প্রমাণ করে যে তেহরানের এই দাবি—তারা শুধু উপসাগরে মার্কিন স্বার্থকেই লক্ষ্যবস্তু করছে—তা সঠিক নয়।
তিনি বলেন, “ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এসব হামলা শুধু আমেরিকার স্বার্থের বিরুদ্ধে… এই দাবি আমরা প্রত্যাখ্যান করছি এবং তা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও যোগ করেন, “এর স্পষ্ট প্রমাণ হলো গতকাল কাতার রাষ্ট্রে একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনাকে লক্ষ্য করে যে হামলা হয়েছে।”
কাতারের রাস লাফফান গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর তিনি বলেন, “এই হামলার বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব পড়বে। এ ধরনের হামলা কোনো দেশের জন্য সরাসরি উপকার বয়ে আনে না, বরং মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”
দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, তুরস্ক ইরানকে “বন্ধুত্বপূর্ণ” পরামর্শ দিচ্ছে যাতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না দেয়।
ফিদান আরও বলেন, ইরানের আঞ্চলিক দেশগুলোতে হামলা “গ্রহণযোগ্য নয়”।
তিনি মন্তব্য করেন, এই যুদ্ধে ইসরায়েল প্রধান ভূমিকা পালন করলেও, আঞ্চলিক দেশগুলোতে হামলা না করার ক্ষেত্রে ইরানের “ঐতিহাসিক দায়িত্ব” রয়েছে।
তিনি জানান, আঙ্কারা, ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তাদের অবস্থান বোঝার জন্য, এবং সংঘাত নিরসনে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
