ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা সমর্থন করে না ফ্রান্স

ফ্রান্স জানিয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে তারা “সমর্থন করতে পারে না”, কারণ এসব হামলা আন্তর্জাতিক আইনের বাইরে এবং এর স্পষ্ট কোনো লক্ষ্যও নির্ধারিত নয়।

মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-নোয়েল ব্যারো টিভি চ্যানেল ফ্রান্স টু’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই হামলাগুলোর স্পষ্ট কৌশলগত লক্ষ্য নেই এবং এগুলো আন্তর্জাতিক আইনের মানদণ্ডও মানছে না।

ব্যারো আরও জোর দিয়ে বলেন, ফ্রান্স এই সংঘাতে জড়িত নয়।
তিনি বলেন, “আমরা এই যুদ্ধকে সমর্থন করি না এবং এতে অংশও নিচ্ছি না।”

তিনি মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং ইরানকে তার আঞ্চলিক নীতি পরিবর্তনের আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা আশা করি ইরান একটি অস্থিতিশীল ও বিপজ্জনক শক্তি হিসেবে তার ভূমিকা ত্যাগ করবে।”

বারো আরও বলেন, স্থায়ী সমাধানের পথ তৈরি করতে তেহরানকে “তার অবস্থানে মৌলিক পরিবর্তন ও বড় ধরনের ছাড়” দিতে হবে।

তিনি জানান, গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনে অংশ নেওয়ার বিষয়ে কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। এই উদ্যোগটি সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উল্লেখ করেছিলেন।

মন্ত্রী জানান, সম্ভাব্য অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকটি ইউরোপীয় দেশ এবং অঞ্চলের কিছু দেশও রয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ওই হামলায় ১,২০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ১০,০০০ মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশকে লক্ষ্যবস্তু করেছে—যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।