হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড শনিবার ঘোষণা করেছে যে, তারা আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করেছে। ইরান বলছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তির লঙ্ঘন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল সদরদপ্তর বলেছে, এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে। উল্লেখ্য, এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে নেওয়া প্রথম পদক্ষেপ। যদি আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে আরও পদক্ষেপ পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।
ইরানের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরিপন্থী এবং সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই প্রণালি বন্ধের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তবে ঘোষণার পর বাস্তবে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে কি না এবং আন্তর্জাতিক নৌবাহিনী বা সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়া কী—সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
