ইউক্রেনে পাঠানোর আশায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল যুক্তরাজ্য

ব্রিটেন নতুন দূরপাল্লার আঘাত হানতে সক্ষম অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা সরকার আশা করছে কয়েক মাসের মধ্যেই ইউক্রেনে সরবরাহ করা সম্ভব হবে। এর লক্ষ্য হলো স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রের তুলনায় দ্রুত ও কম খরচে গোলাবারুদ উৎপাদন করা।

কমপক্ষে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং অন্তত ২২৫ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে—এমন নতুন অস্ত্রব্যবস্থাগুলোর পরীক্ষা হেব্রিডিস অঞ্চলের একটি পরীক্ষাকেন্দ্রে চালানো হয়েছে। আগামী মাসগুলোতে যুক্তরাজ্যে আরও পরীক্ষা পরিচালিত হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানকে এমন দূরপাল্লার আঘাত হানার অস্ত্র তৈরি করার আহ্বান জানায়, যার গতি ঘণ্টায় ৬০০ কিলোমিটারের বেশি হবে, প্রতিটি ইউনিটের খরচ হবে প্রায় ৪ লাখ পাউন্ড (৫ লাখ ২৯ হাজার ৩৬০ মার্কিন ডলার), এবং উৎপাদনের অর্ডার পাওয়ার কয়েক মাসের মধ্যেই প্রতি মাসে অন্তত ২০টি অস্ত্র তৈরি করা সম্ভব হবে।

ডিপিএ এর তথ্য অনুযায়ী, শিল্পখাত থেকে মোট ২৭টি প্রস্তাব জমা পড়ে। গত ফেব্রুয়ারিতে “ড্রাগনস ডেন” শৈলীর উপস্থাপনা অনুষ্ঠিত হয়, যার পর ছয়টি কোম্পানিকে অস্ত্রগুলোর নকশা ও পরীক্ষার জন্য প্রত্যেককে প্রায় ৫০ লাখ পাউন্ড মূল্যের চুক্তি দেওয়া হয়। তাদের মাত্র সাত মাসের মধ্যে পরীক্ষার জন্য নকশা প্রস্তুত করতে বলা হয়।

গত ডিসেম্বর নাগাদ প্রতিযোগিতায় মাত্র তিনটি সরবরাহকারী প্রতিষ্ঠান টিকে ছিল—এমবিডিএ ইউকে, যারা স্টর্ম শ্যাডো তৈরি করে; এমজিআই ইঞ্জিনিয়ারিং, যা ফর্মুলা–১ প্রযুক্তিতে অভিজ্ঞ একটি ব্রিটিশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান; এবং রোট্রন অ্যারোস্পেস, আরেকটি ব্রিটিশ এসএমই, যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।