ফোনালাপে ট্রাম্পকে সতর্ক করলেন জিনপিং

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি তাইওয়ানে অস্ত্র সরবরাহের বিষয়ে সংযম দেখানোর কথাও বলেছেন। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন, বাণিজ্য ও বৈশ্বিক নানা সংকটের প্রেক্ষাপটে এই ফোনালাপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জিনপিং বলেন, চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বুধবার ট্রাম্পের সঙ্গে ফোনাপকালে তিনি তাইওয়ানে অস্ত্র সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক ও বিচক্ষণ থাকার আহ্বান জানান। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনা প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশ পারস্পরিক মতপার্থক্য দূর করার পথ খুঁজে পাবে, এমন প্রত্যাশা তার রয়েছে। অন্যদিকে ট্রাম্প এই ফোনালাপকে চমৎকার এবং দীর্ঘ ও বিস্তারিত বলে উল্লেখ করেন।

আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। এই সফরের বিষয়ে খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছেন বলে জানান তিনি।ট্রাম্প আরও বলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনার পরিমাণ বাড়িয়ে ২ কোটি টনে উন্নীত করার বিষয়টি বিবেচনা করছে, যা বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ টন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ব্যক্তিগতভাবে শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ‘অত্যন্ত ভালো’ এবং উভয়েই এই সম্পর্ক বজায় রাখার গুরুত্ব উপলব্ধি করেন।