ইরানে স্কুলে হামলার অধিকতর তদন্ত করবে পেন্টাগন
মার্কিন সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একটি মেয়েদের স্কুলে হওয়া ভয়াবহ হামলার তদন্ত আরও উচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। কারণ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনী দায়ী।
ইরান জানিয়েছে, শাজারেহ তাইয়েবেহ স্কুলে (Shajareh Tayyebeh School) চালানো ওই হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছে। যদি যুক্তরাষ্ট্রের দায় নিশ্চিত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চালানো মার্কিন সামরিক অভিযানের মধ্যে বেসামরিক মৃত্যুর অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে গণ্য হবে।
রয়টার্স প্রথমে ৫ মার্চ এই তদন্তের প্রাথমিক ফলাফলের খবর প্রকাশ করেছিল।
বিষয়টির গুরুত্বের কথা উল্লেখ করে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth), তদন্তের প্রাথমিক ফলাফল সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আমরা কোনো সংবাদ প্রতিবেদনের কারণে তাড়াহুড়া করে কী ঘটেছে তা ঘোষণা করব না।”
তিনি আরও জানান, একটি উচ্চ পর্যায়ের তদন্ত পরিচালনা করবেন এমন একজন মার্কিন জেনারেল, যিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (United States Central Command) বাইরে থেকে আসবেন। সাধারণত তদন্তকে আরও স্বাধীন ও নিরপেক্ষ রাখার জন্য মার্কিন সামরিক বাহিনী এ ধরনের ব্যবস্থা নেয়।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, “এই ঘটনার সব দিক যাচাই করতে তদন্ত যত সময় লাগে তত সময়ই নেওয়া হবে।”
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি (Ayatollah Mojtaba Khamenei) বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম বার্তায় এই স্কুল হামলার জন্য ইরানের শত্রুদের দায়ী করেন, তবে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি।
