ট্রাম্পের মান ভাঙাতে কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এর একদিন আগেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্রিটেন যথেষ্ট সমর্থন দিচ্ছে না বলে মনে করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন।
স্টারমারের দপ্তরের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “নেতারা প্রথমে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং অঞ্চলে মিত্রদের সম্মিলিত আত্মরক্ষার সমর্থনে রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটি ব্যবহার করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।”
বিবৃতিতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কোনো উল্লেখ করা হয়নি। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ব্রিটেন হয়তো ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠাতে পারে—এমন খবরের প্রতিক্রিয়ায় লিখেছিলেন, “আমাদের এমন কাউকে দরকার নেই, যারা যুদ্ধ আমরা জিতে যাওয়ার পর যোগ দেয়!”
স্টারমারের কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, “প্রধানমন্ত্রী ছয়জন মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকান জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”
তিনি আরও যোগ করেন, “দুই নেতা শিগগিরই আবার কথা বলার প্রত্যাশা প্রকাশ করেছেন।”
