ইরানের ভয়ে অনলাইন ক্লাস শুরু মার্কিন বিশ্ববিদ্যালয়ের

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত (এইউবি) রোববার জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার পর তারা আগামী দুই দিন অনলাইনে কার্যক্রম চালাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাদলো খৌরি এক বিবৃতিতে বলেন, “আজ ভোরে আমরা অঞ্চলের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে হুমকির খবর পেয়েছি।”

তিনি আরও বলেন, “এ মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়, এর ক্যাম্পাস বা মেডিক্যাল সেন্টারগুলোর বিরুদ্ধে সরাসরি কোনো হুমকির প্রমাণ নেই। তবে সতর্কতার অংশ হিসেবে সোমবার ও মঙ্গলবার আমরা সম্পূর্ণ অনলাইনে কার্যক্রম চালাব, শুধু জরুরি কর্মীরা ব্যতিক্রম থাকবে।”

ক্লাস ও পরীক্ষাগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

এর আগে আইআরজিসি হুমকি দেয় যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার জবাবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করতে পারে।

আইআরজিসি এক বিবৃতিতে বলে, “যদি মার্কিন সরকার চায় যে অঞ্চলে তাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিশোধমূলক হামলা থেকে নিরাপদ থাকুক, তাহলে তাদের সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বোমা হামলার নিন্দা জানাতে হবে।”

তারা আরও সতর্ক করে দেয়, এসব বিশ্ববিদ্যালয়ের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং আশেপাশের বাসিন্দাদের ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকতে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, যেমন টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় (কাতার) এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় (সংযুক্ত আরব আমিরাত)।

লেবাননে অবস্থিত এইউবি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠান, যার ক্যাম্পাস ও হাসপাতাল বৈরুত শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালানোর পর লেবাননও এই আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে।