হরমুজ পাড়ি দিলো সৌদি পতাকাবাহী তিনটি সুপারট্যাংকার
মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালি নিয়েও জট খুলতে শুরু করেছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুট দিয়ে সৌদি আরবের পতাকাবাহী তিনটি সুপারট্যাংকার পার হয়েছে।
শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই জাহাজগুলোতে ৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছিল। গেল কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম এত বেশি তেল নিয়ে সৌদির বন্দর থেকে কোনো জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।
ইরানে গেল ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই কার্যত বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি। মাঝের এই সময়টাতে তাই সৌদির তেল রপ্তানির মূল ভরসা হয়ে উঠেছিল লোহিত সাগরে দেশটির ইয়ানবু বন্দর। এতে সৌদির লাখ লাখ ব্যারেল তেল রপ্তানির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
তবে হরমুজ প্রণালি খুলে যাওয়ায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তেল রপ্তানিতে গতি আসতে পারে। এই রুটটি খাদ্য আমদানির জন্যও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
