বৈদ্যুতিক ইঞ্জিনে ফিয়াট ৫০০ মডেলকে দেওয়া হচ্ছে নতুন রূপ
ইতালির গাড়ি নির্মাতা ফিয়াটের (Fiat) ঐতিহাসিক কেন্দ্র তুরিনের একটি ওয়ার্কশপে পুরোনো ফিয়াট ৫০০ মডেলগুলোকে বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে।
১৯৫৭ থেকে ১৯৭৫ সালের মধ্যে তৈরি ক্লাসিক ফিয়াট ৫০০ গাড়িগুলোকে ‘একবিংশ শতাব্দীতে নিয়ে আসা হচ্ছে’, বলেন অফিসিন জেন্তিলের মালিক জোভানি জেন্তিলে।
ওয়ার্কশপের বাইরে ছোট, গোলাকার আকৃতির এই গাড়িগুলোর জং ধরা কাঠামো সারি বেঁধে দাঁড়িয়ে আছে, নিজেদের পালার অপেক্ষায়।
ভেতরে কর্মীরা ধাতু কেটে ও জোড়া লাগিয়ে কাজ করছেন—চারদিকে ঝলসে ওঠা আগুনের স্ফুলিঙ্গ। এরপর গাড়িগুলোকে নতুন করে রঙ করা হয়, তার-সংযোগ করা হয় এবং বৈদ্যুতিক ইঞ্জিন বসানো হয়।
চার্জিং সকেটটি গাড়ির সামনে থাকা পুরোনো ফিয়াট লোগোর পেছনে লুকিয়ে রাখা হয়েছে।
পুনর্নির্মিত গাড়িগুলোর অনেকগুলোই প্যাস্টেল রঙে রাঙানো, আর কিছু কনভার্টিবল (খোলা ছাদের) মডেলও রয়েছে।
এই রেট্রোফিট করা গাড়িগুলোর দাম প্রায় ৪০ থেকে ৫০ হাজার ইউরো, আর কনভার্টিবল সংস্করণগুলোর দাম ৮০ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।
মূল ফিয়াট ৫০০ একটি ডিজাইন আইকনে পরিণত হয়েছিল এবং প্রায় ৪.২ মিলিয়ন গাড়ি তৈরি হয়েছিল।
এখনও এটি সারা বিশ্বের ভিন্টেজ গাড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয় এবং ইতালি ও অন্যান্য দেশে নিয়মিত বড় সমাবেশ আকর্ষণ করে।
এই মডেলটি ২০০৭ সালে আধুনিক কিছু পরিবর্তনসহ পুনরায় বাজারে আনা হয় এবং বর্তমানে এর বৈদ্যুতিক সংস্করণও বিক্রি হচ্ছে।
অফিসিন জেন্তিলের সেলস ডিরেক্টর জর্জিও পাগলিয়েরো বলেন, তারা গাড়িগুলোর ‘ঐতিহ্য ও ইতিহাস বজায় রেখে’ এগুলোকে ‘নতুন জীবন’ দিতে চান।
