রাশিয়ার শ্যাডো ফ্লিটের ট্যাঙ্কার আটক করেছে ফ্রান্স
ফ্রান্স এই সপ্তাহের শুরুতে সিসিলির উপকূলে রাশিয়া-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে বলে বৃহস্পতিবার জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফরাসি নৌবাহিনী মঙ্গলবার সমুদ্র আইন লঙ্ঘন করে সিসিলির উপকূল অতিক্রম করার সময় ‘ডেলিভার’ নামের তেলবাহী ট্যাঙ্কারটিতে অভিযান চালায়।
সামুদ্রিক কর্তৃপক্ষ জানায়, ক্যামেরুনের পতাকাবাহী এবং রাশিয়ার প্রিমোরস্ক থেকে যাত্রা করা জাহাজটিকে আরও বিস্তারিত যাচাইয়ের জন্য নোঙরস্থলের দিকে ফরাসি নৌবাহিনীর পাহারায় নিয়ে যাওয়া হচ্ছিল।
ম্যাক্রোঁ বলেন, ‘ডেলিভার’ জাহাজটি মস্কোর তথাকথিত “শ্যাডো ফ্লিট”-এর সঙ্গে যুক্ত, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে চলার জন্য ব্যবহৃত হয়।
এই জাহাজগুলো প্রায়ই তারা যে পতাকা বহন করে তা পরিবর্তন করে—যা “ফ্ল্যাগ-হপিং” নামে পরিচিত—অথবা নজরদারি এড়ানোর উদ্দেশ্যে অবৈধ নিবন্ধন ব্যবহার করে।
“আমরা ‘শ্যাডো ফ্লিট’-কে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে এবং রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন করতে দেব না,” বলেন ম্যাক্রোঁ।
সেপ্টেম্বর থেকে ফ্রান্স রাশিয়ার “শ্যাডো ফ্লিট”-এর অংশ বলে সন্দেহ করা আরও চারটি জাহাজে অভিযান চালিয়েছে, যার মধ্যে মে মাসের শেষ দিকে আটলান্টিক মহাসাগরে ব্রিটেন ও অন্যান্য অংশীদারদের সহায়তায় পরিচালিত একটি অভিযানও রয়েছে।
ইউক্রেনে ২০২২ সালের আগ্রাসনের পর রাশিয়ার “শ্যাডো ফ্লিট”-এর শত শত জাহাজের ওপর বেশ কয়েকটি পশ্চিমা দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়ার “শ্যাডো ফ্লিট”-এর অংশ বলে সন্দেহভাজন প্রায় ৬০০টি জাহাজ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
