‘যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে সমন্বিত যুদ্ধাবস্থায় আছে ইরান’
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘সমন্বিত যুদ্ধ’ অবস্থায় রয়েছে ইরান। শনিবার এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে সমন্বিত যুদ্ধের মধ্যে আছি।
তিনি আরও বলেন, এই যুদ্ধ ইরাকের সঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সালের যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক, জটিল এবং কঠিন।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কয়েকটি ইউরোপীয় দেশ ইরানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় সমর্থন যোগাচ্ছে বলেও অভিযোগ করেন ইরানি নেতা।
তিনি বলেন, ইরাক যুদ্ধের সময় পরিস্থিতি স্পষ্ট ছিল: তারা ক্ষেপণাস্ত্র ছুড়ত, আর আমরা জানতাম কোথায় আঘাত হানতে হবে। কিন্তু আজ তারা চারদিক থেকে আমাদের ঘিরে রেখেছে, আমাদের ওপর চাপ প্রয়োগ করছে, বাণিজ্যে বাধা দিচ্ছে এবং সমাজের ভেতরে বিভিন্ন ক্ষেত্রে জনসাধারণের প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে।
গেল জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংকার-বাস্টার বোমা ব্যবহার করে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে হামলা চালায়।
ইরানের ওপর ইসরায়েল আকস্মিক হামলা চালানোর এক সপ্তাহেরও বেশি সময় পর যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্রও। ইসরায়েলের ওই হামলায় ইরানে শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। এছাড়া কিছু পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়।
