হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি আহ্বান ম্যাক্রোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। একই সময়ে, মার্কিন সামরিক বাহিনী ওই জলপথ থেকে জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার একটি মিশন চালিয়ে যাচ্ছে।

ম্যাক্রোঁ আর্মেনিয়াতে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে বলেন, আমরা সবচেয়ে বেশি যা চাই, তা হলো যুক্তরাষ্ট্র ও ইরানের সমন্বিত উদ্যোগে হরমুজ প্রণালী পুনরায় চালু করা—এটাই একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, আমার কাছে যে কাঠামোটি অস্পষ্ট মনে হচ্ছে, সেই ধরনের কোনো সামরিক অভিযানে আমরা অংশ নেব না।

ফরাসি এই নেতা জানান, তার দেশ যুক্তরাজ্যের সঙ্গে মিলে শান্তি প্রতিষ্ঠার পর প্রণালি পুনরায় চালু করার জন্য একটি জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।