ইরানে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে ফার্সি টিভি চ্যানেল বন্ধ
লন্ডনভিত্তিক একটি ফার্সি ভাষার চ্যানেল সোমবার জানিয়েছে, যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ তেহরান থেকে সম্ভাব্য হুমকির বিষয়ে তাদের বাড়িওয়ালাকে সতর্ক করার পর তারা সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে।
মানোতো টিভি, যা ২০১০ সালে যাত্রা শুরু করে এবং ইরানি প্রবাসীদের মধ্যে জনপ্রিয় একটি বিরোধী চ্যানেল, জানায় যে এই সাময়িক স্থগিতাদেশ এমন সময়ে এসেছে যখন ইরান তার ইতিহাসের ‘সবচেয়ে সংবেদনশীল মুহূর্তগুলোর’ একটির মুখোমুখি।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে, যা কয়েক বছরের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে এএফপি জানিয়েছে।
এক বিবৃতিতে মানোতো টিভি বলেছে, “এমন এক সময়ে যখন … অভ্যন্তরীণ ও আঞ্চলিক ঘটনাপ্রবাহ নজিরবিহীন গতিতে এগিয়ে চলেছে, স্বাধীন সংবাদ পরিবেশন দমনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের হুমকি আরও তীব্র হয়েছে।”
বেসরকারি এই সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, “যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ আমাদের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র অব ইরান শাসনব্যবস্থার সম্ভাব্য হুমকির বিষয়ে অবহিত করার পর আমাদের বাড়িওয়ালা ভাড়াচুক্তি বাতিলের ইচ্ছার কথা আমাদের জানিয়েছেন।”
কর্মীদের ভবনে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, ফলে বিকল্প ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত সাময়িকভাবে সম্প্রচার বন্ধ রাখতে হয়েছে।
চ্যানেলটি আরও জানায়, “যত দ্রুত সম্ভব নিরাপদ ও স্থিতিশীল স্থান থেকে পুনরায় সরাসরি সম্প্রচারে ফিরে আসাই আমাদের অগ্রাধিকার।”
এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির অনুরোধে সন্ত্রাসবিরোধী পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
