সৌদির বিমান হামলার পর ইয়েমেন থেকে সেনা সরাচ্ছে আমিরাত
ইয়েমেন বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এরপর দেশটি থেকে নিজ সেনাদের স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ইয়েমেনের মুকুল্লা বন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর কয়েক ঘণ্টা পরই সেনা সরানোর ঘোষণা দেয় আমিরাত।
এর আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও আমিরাতকে তাদের সেনাদের সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়।
মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে নিয়ে সৌদি ও আমিরাতের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। গ্রুপটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও তেল সমৃদ্ধ প্রদেশ হারদামাউত দখল করেছে। এরপর সীমান্তলাগোয়া এ অঞ্চল থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে হুমকি দিয়েছিল সৌদি। কিন্তু এসটিসি রিয়াদের কথা কর্ণপাত করেনি
বিপরীতে আমিরাত নিজ স্বার্থে এসটিসিকে সমর্থন দিয়ে আসছিল। এমনকি মুকুল্লা বন্দরে আমিরাত দুই জাহাজ অস্ত্র পাঠিয়েছে বলেও অভিযোগ সৌদির। ওই ঘটনার পর রিয়াদ সেখানে সামরিক হস্তক্ষেপ করল। এছাড়া ইয়েমেনের সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাদের সরিয়ে নিতেও আহ্বান জানিয়েছিল সৌদি।
আমিরাত এক বিবৃতিতে বলেছে, সৌদির হামলায় আমরা অবাক হয়েছি। আর যেসব কনটেইনারে হামলা চালানো হয়েছে সেগুলো বিচ্ছিন্নতাবাদীদের জন্য কোনো অস্ত্র ছিল না। কনটেইনারগুলো আমিরাতের সেনাদের জন্য ছিল।
সৌদির বিমান হামলার পর শেষ পর্যন্ত সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় আমিরাত। এছাড়া দেশটি দাবি করেছে মুকুল্লা বন্দর দিয়ে বিচ্ছিন্নতাবাদী এসটিসির জন্য কোনো অস্ত্র পাঠানো হয়নি। বরং এই অস্ত্রগুলো এসেছিল ইয়েমেনে থাকা আমিরাতের সেনাদের জন্য।
