সিরিয়ায় আলাওয়াইটদের বিক্ষোভে নিহত ৩
সিরিয়ার লাতাকিয়ায় বিক্ষোভে গুলির ঘটনা ও অন্যান্য সহিংসতায় ৩ জন নিহত হয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময় থেকেই সিরিয়ায় বেশ কয়েক দফা সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটেছে। তবে গেল বছর বিরোধীদের অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হন বাশার। এরপর দায়িত্ব নেয় সুন্নী সংখ্যাগরিষ্ঠ সরকার।
তবে রোববার লাতাকিয়া আজহারি শহরে আলাওয়াইট সম্প্রদায়ের হাজার হাজার মানুষ জড়ো হয়। তারা সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থা বিকেন্দ্রীকরণ ও হাজার হাজার আলাওয়াইট বন্দিকে মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর অজানা স্থান গুলির শব্দ শোনা যায়।
তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এতে বিক্ষোভকারীরা বিশৃঙ্খল হয়ে পড়ে। অনেক বিক্ষোভকারীকে আহত লোকজনকে পায়ে হেঁটে সরিয়ে নিতে দেখা যায়।
লাতাকিয়া প্রদেশের মিডিয়া অফিস পরে এক লিখিত বিবৃতিতে জানায়, ৩ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। তবে এই হতাহত আজহারি স্কয়ার নাকি দেশটির অন্য শহরের বিক্ষোভস্থলে ঘটেছে, তা জানায়নি তারা।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লাতাকিয়া বিগত সরকারের সশস্ত্র অংশের গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আজহারি স্কয়ারের কাছে দুর্বৃত্তদের গুলিতে বেসামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা আহত হয়েছেন বলেও জানায় সানা।
