সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির বিরোধিতা করল চীন

সোমালিল্যান্ডকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির তীব্র বিরোধিতা করেছে চীন। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ কথা জানান।

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করে—এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে।

জিয়ান বলেন, চীন লক্ষ্য করেছে যে সোমালিয়ার ফেডারেল সরকার অবিলম্বে একটি বিবৃতি জারি করে এই পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তঃসরকারি উন্নয়ন কর্তৃপক্ষসহ (আইজিএডি) বিভিন্ন আঞ্চলিক সংগঠনও তীব্র অসন্তোষ ও নিন্দা প্রকাশ করেছে।

জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের আলোকে সোমালিল্যান্ড সোমালিয়ার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলেও জানান তিনি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সোমালিল্যান্ড ইস্যুটি সম্পূর্ণভাবে সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়। এটি সোমালি জনগণের দ্বারা তাদের জাতীয় বাস্তবতা ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে সমাধান করা উচিত।