মার্কিন ডেস্ট্রয়ারের দিকে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ ছোড়ার দাবি নাকচ সেন্টকমের

ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারগুলোর দিকে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছে, এমন দাবি নাকচ করে দিয়েছে সেন্টকম। ইরানের সামরিক বাহিনী শুক্রবার দাবি করেছে যে তারা ওমান উপসাগরে থাকা দুটি মার্কিন ডেস্ট্রয়ারের দিকে “সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র” নিক্ষেপ করেছে, যার ফলে জাহাজ দুটিকে এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানি বাহিনীর সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দুটি ডেস্ট্রয়ার ওমান উপসাগর ত্যাগ করে।

সামরিক বাহিনীর মতে, এই অভিযান পরিচালিত হয়েছিল “মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নৌবাহিনীর বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার ছিনতাই, সমুদ্রপথে অসদাচরণ এবং হয়রানির” জবাবে।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম দ্রুত এই ঘটনার কথা অস্বীকার করে।

সেন্টকম জানায়, “ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে আক্রমণ করেনি বা তাদের দিকে গুলি ছোড়েনি। এমনটি করা হলে তা যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হতো।”

তারা আরও জানায় যে তাদের বাহিনী “এখনও আঞ্চলিক জলসীমায় অবাধে কার্যক্রম পরিচালনা করছে” এবং ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ কার্যকর করছে।

এই ঘটনা ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর আরেকটি উত্তেজনাপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতি মূলত যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত অনেকাংশে থামিয়ে দিয়েছিল। যুদ্ধ শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, যখন মিত্রবাহিনী ইরানকে লক্ষ্য করে হামলা চালায়।

যুদ্ধের অবসান ঘটাতে সরাসরি ও মধ্যস্থতাকারী পর্যায়ের আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার বলেন যে ওয়াশিংটন আর ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালাচ্ছে না এবং “অপারেশন এপিক ফিউরি” (ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানের নাম) শেষ হয়ে গেছে।

তিনি আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্র ইরানের “অবশিষ্ট বিমানবাহিনী ধ্বংস করেছে” এবং তাদের “পুরো প্রচলিত নৌবাহিনী কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছে।”

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপ করেছে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা উপসাগরীয় অঞ্চলকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নিজস্ব অবরোধ ব্যবস্থা চালু করে।

শান্তিকালীন সময়ে বিশ্বের ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো।