মাইন বসানো ইরানি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, দেশটির সামরিক বাহিনী ইরানের ১০টি অকার্যকর মাইন পাতা জাহাজে হামলা চালিয়ে সেগুলো “সম্পূর্ণ ধ্বংস” করেছে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
মিডিয়ায় খবর আসে যে ইরান ওই প্রণালীতে মাইন বসানো শুরু করেছে। এর প্রেক্ষিতে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে—যদিও এমন কোনো রিপোর্ট এখনো আমরা পাইনি—তাহলে আমরা চাই সেগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হোক।”
তিনি আরও বলেন, তেহরান যদি তা না করে, তাহলে সামরিক পরিণতির মুখে পড়তে হবে—যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প লিখেছেন, “যদি কোনো কারণে সেখানে মাইন বসানো হয়ে থাকে এবং তা দ্রুত সরিয়ে না নেওয়া হয়, তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া এমন মাত্রায় হবে যা আগে কখনো দেখা যায়নি। আর যদি তারা সেগুলো সরিয়ে ফেলে, তাহলে সেটি সঠিক পথে বড় একটি পদক্ষেপ হবে।”
তিনি আরও জানান, মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবহৃত একই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টা করা যেকোনো নৌকা বা জাহাজকে “স্থায়ীভাবে ধ্বংস” করার ব্যবস্থা নিচ্ছে।
পরে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ইতোমধ্যে ১০টি অকার্যকর মাইন পাতা জাহাজে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।
এর আগে মঙ্গলবার সিবিএস নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু ইঙ্গিত পেয়েছে যে ইরান হরমুজ প্রণালিতে মাইন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
