পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। নভগোরোদ অঞ্চলে অবস্থিত ওই বাসভবন লক্ষ্য করে এ হামলার চেষ্টা চালায় ইউক্রেন। এমন অভিযোগ করেছে ক্রেমলিন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর সোমবার এই হামলার চেষ্টা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে কিয়েভ। এই হামলার কারণে যুদ্ধ অবসানে ক্রেমলিনের আলোচনার অবস্থান এখন বদলাবে বলেও জানান ল্যাভরভ।
তিনি আরও বলেছেন, ২৮ ও ২৯ ডিসেম্বর ইউক্রেন ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে হামলা চালায়। তবে এ দাবির পক্ষে কোনও প্রমাণ তুলে ধরেননি তিনি।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ইউক্রেনের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। ইউক্রেনের ছোড়া সব ড্রোন রাশিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন ল্যাভরভ।
