পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ে রাজধানীতে এ ধরনের এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে—কার্পেট পাতা মসজিদের ভেতরে রক্তাক্ত দেহ পড়ে আছে, চারদিকে ভাঙা কাচের টুকরো, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা ছুটোছুটি করছে।

ইসলামাবাদের উপকণ্ঠের আধা-শহুরে এলাকায় অবস্থিত খাদিজা তুল কুবরা ইমামবাড়ার বাগানে আরও বহু আহত ব্যক্তি পড়ে ছিলেন, সাহায্যের জন্য চারদিকে চিৎকার শোনা যাচ্ছিল।

দুইজন পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীকে মসজিদের ফটকে থামানো হয়েছিল এবং সেখানেই সে বোমার বিস্ফোরণ ঘটায়। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

কঠোর নিরাপত্তাবেষ্টিত রাজধানীতে বোমা হামলা তুলনামূলকভাবে বিরল হলেও, গত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে—বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান মেমন এক বিবৃতিতে বলেন, “মোট ৩১ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে নেওয়া আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জনে।”

সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি (ACLED) জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময়ে ইসলামাবাদে এটি সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা এবং এতে “আইএসআইএসের বৈশিষ্ট্য” দেখা যাচ্ছে।

আহতদের দেখতে ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতালে গিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল বলেন, “নিহত ও আহতদের পরিবারের জন্য আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছি। তাদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

এদিকে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সফর উপলক্ষে শুক্রবার রাজধানীতে আগেই সর্বোচ্চ সতর্কতা জারি ছিল। শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয় এবং সর্বত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

+++

++++