কয়েক সপ্তাহের মধ্যেই এলএনজি উৎপাদন স্বাভাবিক হবে: কাতার

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বলেছেন, উপসাগরীয় দেশটি “কয়েক সপ্তাহের মধ্যেই” স্বাভাবিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন পুনরায় শুরু করবে বলে বুধবার ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ আরও জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি হটলাইন স্থাপন করা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধরত পক্ষগুলো যে যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে, তা “ভুল তথ্য” মোকাবিলা এবং সমন্বয় নিশ্চিত করার জন্য প্রয়োজন।

শেখ মোহাম্মদ এফটি-কে বলেন, একটি বড় চ্যালেঞ্জ হলো, যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়” সে জাহাজ চলাচলের যোগাযোগব্যবস্থা ব্যবহার করে জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠাতে পারে: “‘ফিরে যাও, আমরা গুলি চালাব, আমরা আইআরজিসি।

তিনি বলেন, “আমরা মাঝে মাঝে এমন বার্তাই পাচ্ছি।”

প্রধান মধ্যস্থতাকারীদের একজন হিসেবে ভূমিকা রাখা শেখ মোহাম্মদ আরও বলেন, “সুতরাং হটলাইনের উদ্দেশ্য হলো নিশ্চিত করা যে কোনো জাহাজ যদি কোনো ধরনের হুমকি পায়, তাহলে তা ইরানের মাধ্যমে যাচাই করা হবে… এবং জাহাজটিকে নিরাপদে যেতে দেওয়া হবে।”

কাতারএনার্জি এলএনজি উৎপাদন স্থগিত করেছিল, যখন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর আগে তাদের বিশাল রাস লাফফান শিল্পনগরী স্থাপনায় একটি ড্রোন হামলা হয়েছিল।

শেখ মোহাম্মদ বলেন, “ক্ষতিগ্রস্ত স্থাপনাটি বাদে কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমাদের দলগুলো ইতোমধ্যে কয়েক সপ্তাহ ধরে সক্রিয় রয়েছে। হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই কাতারএনার্জি যত দ্রুত সম্ভব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে।”