ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা করবে না যুক্তরাষ্ট্র
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চললেও যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে না। জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে থাকায় তিনি সিএনএনকে বলেন, পেট্রোলিয়াম ও গ্যাস শিল্পে যে বিঘ্ন ঘটছে তা খুব বেশি দিন স্থায়ী হবে না। তবে “সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও সেটা মাস নয় বরং কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।
শনিবার ইসরায়েল তেহরান ও আশপাশের এলাকায় তেলের সংরক্ষণাগারে হামলা চালায়, এতে বিশাল আগুন লাগে। গত সপ্তাহান্তে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম এমন হামলার খবর। তবে রাইট এ ঘটনাকে তুলনামূলকভাবে ছোট করে দেখিয়েছেন।
রাইট বলেন, এগুলো ইসরায়েলি হামলা, এগুলো মূলত স্থানীয় জ্বালানি ডিপো—গাড়ির ট্যাংক ভরার জন্য ব্যবহৃত জায়গা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করছে না। ইরানের তেল শিল্প, প্রাকৃতিক গ্যাস শিল্প বা তাদের জ্বালানি খাতের কোনো কিছুকে লক্ষ্য করার পরিকল্পনা নেই।
এই যুদ্ধের কারণে প্রায় অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালি, যার মধ্য দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল এবং প্রায় ২০% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।
এই বিঘ্নে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট শুক্রবারই ১২% বেড়েছে এবং এক সপ্তাহে মোট ৩৬% বৃদ্ধি পেয়েছে।
