ভেজাল নারকেল তেল চিনবেন যেভাবে
বাঙালি রান্নায় নারকেল তেলের ব্যবহার না থাকলেও রূপচর্চায় যুগ যুগ ধরে এর চল রয়েছে। একসময় মা-নানি-দাদিরা ত্বক ও চুলের যত্ন নারকেল তেলই মাখতেন। এখনও অনেক ময়েশ্চারাইজার ও হেয়ার অয়েলে নারকেল তেল ব্যবহার হয়। এই তেলের মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। তাই নারকেল তেল মাখলে বা খেলে স্বাস্থ্যেরই উপকার। কিন্তু তেলে যদি ভেজাল মেশানো থাকে, তখন কী করবেন?
নারকেল তেল ভেজাল মেশানো থাকলে তা খালি চোখে বোঝার উপায় নেই। তবে ল্যাবে নিয়েও পরীক্ষা করার দরকার নেই। চাইলে ঘরে বসেই কিছু কৌশল কাজে লাগিয়ে নারকেল তেলের বিশুদ্ধতা যাচাই করে নিতে পারেন।
নারকেল তেল খাঁটি কিনা পরীক্ষা করবেন কীভাবে?
গরম করে দেখুন
একটি প্যানে দুই চামচ নারকেল তেল নিন। মাঝারি আঁচে রেখে সেটি গরম করুন। যদি দেখেন ফেনা বা বুদবুদ উঠছে এবং পোড়া গন্ধ বেরোচ্ছে, বুঝবেন এতে ভেজাল মেশানো রয়েছে। তেল খাঁটি হলে এসব কিছুই হবে না।
ফ্রিজে রেখে দিন
কম তাপমাত্রায় নারকেল তেল জমে যায়। তাই একটি পাত্রে কিছুটা নারকেল তেল নিয়ে ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পর বের করে দেখুন, নারকেল তেল জমেছে কিনা। তেল যদি জমে গিয়ে সাদা হয়ে যায়, বুঝবেন নারকেল তেল খাঁটি। কিন্তু তেল যদি না জমে এবং তেলের উপর যদি আলাদা স্তর সৃষ্টি হয়, তা হলে বুঝবেন এতে ভেজাল মেশানো আছে।
পানি মিশিয়ে দেখুন
একটি গ্লাসে পানি নিন এবং তাতে ২ টেবিল চামচ নারকেল তেল মেশান। গ্লাসটা এক জায়গায় ২০-৩০ মিনিট রেখে দিন। যদি দেখেন পানির সঙ্গে তেল মিশে যাচ্ছে, তাহলে বুঝবেন ভেজাল আছে। আর যদি তেল জমাট বেঁধে যায় বা আলাদা থাকে, তা হলে বুঝবেন নারকেল তেলটি খাঁটি।
ঘ্রাণ ও স্বাদ পরীক্ষা করুন
নারকেল তেলের একটি মিষ্টি ও সতেজ সুবাস রয়েছে। হাতের তালুতে সামান্য নারকেল তেল নিয়ে ঘষুন। যদি উগ্র গন্ধ বা তেলচিটে বা পোড়া গন্ধ বেরোয়, বুঝবেন এতে ভেজাল রয়েছে। খাঁটি তেল জিভে দিয়েও টেস্ট করতে পারেন।
রং যাচাই করুন
খাঁটি নারকেল তেল দেখতে প্রায় স্বচ্ছ বা বর্ণহীন হয়। আর ভেজাল মেশানো নারকেল তেল কিছুটা হলদেটে হয়। এছাড়া কাচের গ্লাস বা জারে কিছুটা নারকেল তেল নিয়ে আলোর সামনে রাখুন। ১০ মিনিট রাখবেন। তারপরে যদি তেল একদম স্বচ্ছ দেখায়, তবে বুঝবেন সেটি খাঁটি। ঘোলাটে ভাব থাকলে বুঝবেন সেটা ভেজাল।
