নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২০
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের একটি সম্প্রদায়ে সশস্ত্র হামলাকারীদের আক্রমণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার কাওয়েল কমিউনিটিতে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এটি প্লাটু স্টেটের বোক্কোস এলাকায় অবস্থিত। পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে এ তথ্য জানান।
আলাবো বলেন, পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
যে অঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে, সেখানে এই হামলার দায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।
আলাবো আরও বলেন, “নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে, কারণ পরিবারগুলো ময়নাতদন্তে সম্মতি দেয়নি।”
কালেব মুতফওয়াং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা ও ত্রাণ নিশ্চিত করতে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বলে মুখপাত্র জয়েস রামন্যাপ এক বিবৃতিতে জানান।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে চলমান বিদ্রোহে বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশের উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলেও সশস্ত্র গ্যাংগুলো সক্রিয় রয়েছে।
এর আগে মার্চ মাসে গারি ইয়া ওয়ে সম্প্রদায়ে রাতের বেলায় এক হামলায় ২০ জন নিহত হয়েছিল।
