তুরস্ক থেকে যাত্রা করেছে গাজামুখী ত্রাণবাহী বহর
দক্ষিণ-পশ্চিম তুরস্ক থেকে বৃহস্পতিবার গাজামুখী একটি ত্রাণবাহী বহরের অংশ হিসেবে ডজনখানেক জাহাজ যাত্রা শুরু করেছে বলে এএফপিকে জানিয়েছেন এক আয়োজক।
“প্রায় ৫০টি জাহাজ মারমারিস থেকে প্রায় এক ঘণ্টা আগে রওনা হয়েছে,” বলেন গ্লোবাল সুমুদ ফ্লিটের তুরস্ক শাখার সদস্য গোরকেম দুরু।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের আরও চার বা পাঁচটি জাহাজ তাদের সঙ্গে যোগ দেবে। এখন তারা গাজার দিকে অগ্রসর হচ্ছে,” এএফপি জানিয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত এক বছরে গাজায় আরোপিত ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে নেওয়া তৃতীয় উদ্যোগ। ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।
গত ৩০ এপ্রিল দ্বিতীয় ত্রাণবহরটিকে গ্রিস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বেশিরভাগ কর্মীকে ইউরোপে ফেরত পাঠানো হলেও, দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তারা ১০ দিন আটক ছিলেন।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই গ্রেপ্তার ছিল অবৈধ এবং আটক অবস্থায় ওই দুজন নির্যাতনের শিকার হয়েছেন।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের করেনি।
