ইরানি গ্যাসক্ষেত্রের স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বুধবার ইরানের একটি বড় উপসাগরীয় গ্যাসক্ষেত্রের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। হামলার ফলে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, “আসালুইয়েহতে অবস্থিত সাউথ পার্স বিশেষ অর্থনৈতিক জ্বালানি অঞ্চলের গ্যাস স্থাপনাগুলোর কিছু অংশ আমেরিকান-জায়োনিস্ট শত্রুর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়েছে।”
দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ানের বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এতে আরও বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকল বাহিনী পাঠানো হয়েছে।
সাউথ পার্স/নর্থ ডোম গ্যাসক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে বড় পরিচিত গ্যাস মজুত। এই ক্ষেত্রটি ইরানের অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের প্রায় ৭০ শতাংশ সরবরাহ করে।
এই বিশাল গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতার যৌথভাবে ভাগাভাগি করে, এবং ইরান ১৯৯০-এর দশকের শেষ দিক থেকে তাদের অংশ উন্নয়ন করে আসছে।
গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধ চলাকালে, ইসরায়েল এই গ্যাসক্ষেত্রে পরিচালিত ইরানি স্থাপনাগুলোর ওপরও হামলা চালিয়েছিল।
২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা শুরু করে, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন এবং এর ফলে একটি যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে।
