সমঝোতা করতে চায় ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরান একটি সমঝোতা করতে চায় এবং তারা “আমাদের লোকদের সঙ্গে কথা বলছে।”

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নতুন নেতাদের চেনে না। তিনি বলেন, “তাদের সব নেতাই মারা গেছে। আমরা আসলে জানিই না আমরা কার সঙ্গে আলোচনা করছি।”

হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনী ইরানজুড়ে ৭,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ইরানের ১০০-এর বেশি নৌযান ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করা হয়েছে এবং সোমবার ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানায় হামলা করা হয়েছে।

ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে দেয়—এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জাপান, চীন, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশগুলোকেও সহায়তা করার আহ্বান জানান।

তিনি বলেন, “কিছু দেশ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কিছু দেশ নয়। এমন কিছু দেশও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি। ভয়ংকর বাইরের শক্তির হাত থেকে আমরা তাদের রক্ষা করেছি, কিন্তু তারা ততটা উৎসাহ দেখাচ্ছে না। আর সেই উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।”