ইরানের চিন্তায় চোখে ঘুম নেই নেতানিয়াহুর!

ইরনের চিন্তায় চোখে ঘুম নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আর তাই সোমবার তিনি বলেছেন, ইসরায়েলের জন্য ‘জটিল ও চ্যালেঞ্জিং দিন’ অপেক্ষা করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে ইরানে আসন্ন হামলা নিয়ে চিন্তায় আছেন নেতানিয়াহু।

“আমরা খুব জটিল ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি,” পার্লামেন্টে সংক্ষিপ্ত ভাষণে আইনপ্রণেতাদের উদ্দেশে এ কথা বলেন নেতানিয়াহু। “আমরা সতর্ক দৃষ্টি রাখছি এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।”

তিনি ইরানের নেতৃত্বের প্রতিও সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেন, “আমি ইরানি শাসনব্যবস্থাকে জানিয়ে দিয়েছি, তারা যদি তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভুল করে ইসরায়েল রাষ্ট্রের ওপর আক্রমণ করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা কল্পনাও করতে পারবে না।”

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ইরানের আশপাশে ও মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যখন তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

“যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের জোট আগে কখনো এতটা ঘনিষ্ঠ ছিল না,” বলেন নেতানিয়াহু। “ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো ও তাদের নিরাপত্তা সেবাগুলোর মধ্যে—এর আগে কখনো এমন ঘনিষ্ঠতা ছিল না,” তিনি যোগ করেন।

চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ইরান গত জুনে ১২ দিনের এক যুদ্ধে প্রথমবার সরাসরি মুখোমুখি হয়, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুদ্ধের পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।