সৌদি-তুরস্ক মিলে বানাবে ৫ম প্রজন্মের ‘কান’ যুদ্ধবিমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কাজ শুরু হয়েছে, যার আওতায় পঞ্চম প্রজন্মের KAAN যুদ্ধবিমান যৌথভাবে উৎপাদনের জন্য বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকবে।

এরদোয়ান বলেন, প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অগ্রগতি সৌদি আরবসহ অন্যান্য দেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি যোগ করেন, এই খাতে রিয়াদের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা।

সৌদি আরব ও মিসর সফর শেষে দেশে ফেরার পথে তুর্কি সাংবাদিকদের একটি দলের সঙ্গে কথা বলেন এরদোয়ান। তার বক্তব্য বৃহস্পতিবার প্রকাশিত হয়। তিনি বলেন, “তুর্কি যুদ্ধবিমান KAAN নিয়ে আমরা বহু ইতিবাচক মন্তব্য পেয়েছি এবং এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে।”

তিনি জোর দিয়ে বলেন, KAAN শুধু একটি যুদ্ধবিমান নয়; এটি তুরস্কের প্রকৌশল সক্ষমতা এবং স্বাধীন প্রতিরক্ষা অবস্থান বজায় রাখার দৃঢ় প্রত্যয়ের প্রতীক। তিনি আরও বলেন, এই ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে, বিশেষ করে যৌথ বিনিয়োগের মাধ্যমে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক জানায়, দেশীয়ভাবে উৎপাদিত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান KAAN-এর প্রথম সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (TAI) নির্মিত এই বিমানের মাধ্যমে তুরস্ক বিশ্বের মাত্র পাঁচটি দেশের একটি হিসেবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উৎপাদনে সক্ষমতা অর্জন করে এবং বিমানটি রপ্তানির লক্ষ্যও নির্ধারণ করে।