কাতারের আমিরের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুলআজিজ দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
সাক্ষাৎকালে প্রতিরক্ষামন্ত্রী কাতারের আমিরের কাছে খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদের শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি কাতার সরকার ও জনগণের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির কামনা জানান।
এর জবাবে শেখ তামিম খাদেমুল হারামাইন শরিফাইন ও যুবরাজের প্রতি তার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক পর্যালোচনা করা হয়। পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি, তা মোকাবিলায় গৃহীত প্রচেষ্টা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সৌদির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন আবদুলআজিজ বিন সাইফ।
কাতার পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুলরহমান বিন হাসান বিন আলি আল থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি।
