যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে পারমাণবিক আলোচনায় সম্মত
যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে পারমাণবিক আলোচনায় বসতে সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মাস্কাটে স্থানীয় সময় সকাল ১০টা থেকে বৈঠক শুরু হবে। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে বৈঠকটি সেখানেই অনুষ্ঠিত হবে।
আলোচনাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কারণ বৈঠকের স্থান ও শর্তাবলি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
ট্রাম্প মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে সম্মত না হয় এবং বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না করে, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
খামেনির উদ্বিগ্ন হওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বুধবার এনবিসি নিউজকে বলেন, আমি বলব, তার খুবই উদ্বিগ্ন হওয়া উচিত।
তার উদ্বিগ্ন হওয়াই উচিত। যেমনটা আপনি জানেন, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, আরও বলেন তিনি।
অন্যদিকে, রোববার আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলা একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে।
