বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান

পারস্য উপসাগরে বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জ্বালানি পাচারের অভিযোগে এসব ট্যাংকার আটক করা হয়। এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই জাহাজ জব্দের ঘটনা ঘটল। এই ঘটনা উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তাসনিম জানায়, জাহাজ দুটিতে ১০ লাখেরও বেশি লিটার পাচার করা জ্বালানি পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১৫ জন বিদেশি নাবিককে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্যাংকারগুলোতে কোন দেশের পতাকা রয়েছে কিংবা নাবিকদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।

পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছাকাছি এলাকা থেকে জাহাজ দুটি আটক করা হয়। বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনার পর ট্যাংকারগুলো শনাক্ত করে জব্দ করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব জাহাজ কয়েক মাস ধরে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ছিল। নিয়মিত নজরদারির মাধ্যমেই তাদের গতিবিধি শনাক্ত করা হয়।