বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের মহড়া

বাংলাদেশসহ ১৯টি দেশের অংশগ্রহণে পাকিস্তানে শুরু হয়েছে নবম ইন্টারন্যাশনাল পাকিস্তান আর্মি টিম স্পিরিট কম্পিটিশন (প্যাটস)–২০২৬ সামরিক মহড়া। বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ তথ্য জানায় পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাতে আরব নিউজ জানায়, খাইবার পাখতুনখাওয়ার পাব্বি শহরের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ৬০ ঘণ্টাব্যাপী টহলভিত্তিক মহড়া শুরু হয়েছে।

আইএসপিআর জানায়, এই মহড়ায় অংশ নিতে প্রয়োজন সর্বোচ্চ শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সামরিক দক্ষতা। পাশাপাশি প্রায় বাস্তব যুদ্ধপরিস্থিতির কাছাকাছি পরিবেশে চ্যালেঞ্জিং উপ-সামরিক অভিযানে দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতাও যাচাই করা হচ্ছে।

সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, মিসর, ইরাক, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নেপাল, কাতার, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তানসহ ১৯টি বন্ধুত্বপূর্ণ দেশের মোট ২৪টি আন্তর্জাতিক দল এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড এই আন্তর্জাতিক সামরিক মহড়ায় পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করছে। পাকিস্তানে প্রতিবছর এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে।