সীমান্তে বাফার জোনের পরিকল্পনা তুরস্কের

নিজেদের সীমান্তে বাফার জোন তৈরি পরিকল্পনা করছে তুরস্ক। ইরানে সরকার পতন হতে পারে এমন শঙ্কায় এই প্রস্তুতি নিচ্ছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

সংবাদমাধ্যমটি বলেছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বৃহস্পতিবার সংসদে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে তারা বলেন, ইরানে যে কোনো কিছু হতে পারে এমন বিষয় মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছেন।

বৈঠকে থাকা একজন আইনপ্রণেতা বলেন, কর্মকর্তারা বাফার জোন তৈরির কথা বলেছেন। তাদের পরিকল্পনা হলো ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে। কারণ তারা নতুন করে আর কোনো শরণার্থীকে নিজেদের দেশে নিতে চায় না।

তবে আরেকজন আইনপ্রণেতা বলেছেন, বৈঠকে বাফার জোন কথাটি উচ্চারণ করা হয়নি। কিন্তু তারা স্বাভাবিক প্রক্রিয়ার চেয়ে বড় পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। তিনি বলেছেন, তারা বলেছেন ইরান সীমান্তে যা কিছু করার তার সবই যেন করা হয়। কারণ যারা ইরান থেকে তুরস্কে প্রবেশের চেষ্টা করবেন তারা যেন ইরানেই থাকেন।

চলতি মাসের শুরুতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ইরানের সঙ্গে থাকা তাদের ৫৬০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে প্রযুক্তিনির্ভর বেড়া নির্মাণ করা হয়েছে।