লেবাননে সেতু গুড়িয়ে দিলো ইসরায়েল

ইসরায়েল শুক্রবার দক্ষিণ লেবাননে একটি সেতু ধ্বংস করেছে এবং বৈরুতে লিফলেট ছড়িয়ে গাজার মতো ধ্বংসযজ্ঞের হুমকি দিয়েছে। একই সময়ে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরও সেনা মোতায়েন করেছে এবং দেশটির অবকাঠামোর ওপর আরও হামলার সতর্কতা দিয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান যখন বৈরুতের উপশহরগুলোতে বিমান হামলা চালাচ্ছিল, তখন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে রাজধানীতে আশ্রয় নেয়া লাখ লাখ মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে ৭৭৩ জন নিহত হয়েছে।

ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে এই অভিযান শুরু করে যখন সংগঠনটি ২ মার্চ হামলা শুরু করে। শুক্রবার লেবানন সফরে গিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন যে তিনি ৩০৮ মিলিয়ন ডলার জরুরি তহবিল সংগ্রহের চেষ্টা করছেন, যাতে কর্তৃপক্ষ মানবিক সংকট মোকাবিলা করতে পারে। বর্তমানে লেবাননে অন্তত ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।