ফ্রান্সে ইবোলা রোগী শনাক্ত
ফ্রান্স বুধবার ঘোষণা করেছে যে তাদের ভূখণ্ডে প্রথমবারের মতো নিশ্চিতভাবে একজন ইবোলা রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি হলেন একজন চিকিৎসক, যিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো (ডিআর কঙ্গো) থেকে ফিরে এসেছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আজ আমরা জাতীয় ভূখণ্ডে ইবোলা ভাইরাসজনিত রোগের প্রথম পজিটিভ কেস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করছি।”
বার্তা সংস্থা এএফপি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, আক্রান্ত ব্যক্তিকে মূল ভূখণ্ডের ফ্রান্সে শনাক্ত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার (কন্ট্যাক্ট ট্রেসিং) কাজ করছে। একই সঙ্গে তারা বলেছে যে সাধারণ ইউরোপীয় জনগণের জন্য ঝুঁকি কম।
ডিআর কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সহস্রাধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং ২৬৭ জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, রোগটির ইতিহাসে কোনো প্রাদুর্ভাবের প্রথম এক মাসে এত বেশি সংখ্যক নিশ্চিত আক্রান্তের ঘটনা আগে দেখা যায়নি।
