পুতিনের সাহায্য ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
ইসরায়েলের জনসংখ্যা কাঠামো বদলে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে ১০ লাখ রুশ নাগরিককে ইসরায়েলে পাঠানোর আবেদন জানিয়েছিলেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলের এক গোপন অডিও রেকর্ডিংয়ে বিষয়টি উঠে আসে।
রেকর্ডিংয়ে এহুদ বারাককে বলতে শোনা যায়, আমি সব সময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর এক মিলিয়ন দরকার। তাহলেই ইসরায়েল নাটকীয়ভাবে, সত্যিই নাটকীয়ভাবে বদলে যাবে। ওই এক মিলিয়ন রুশ।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি এ রেকর্ডিং করা হয়েছিল। সেখানে বারাক বলেন, ইসরায়েলের এখন ভবিষ্যতে আসা রুশ বসতিদের ‘মান নিয়ন্ত্রণ’করা উচিত। তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন, যার মাধ্যমে বিয়ে, দাফন এবং ইহুদির সংজ্ঞা নিয়ে অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া ক্ষমতা ভাঙা যাবে। পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া উচিত।
বারাকের মতে, অনেক রুশ ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারে। এটিকে ‘পূর্বশর্ত’ দিয়ে আটকানোর দরকার নেই। সামাজিক চাপে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে, মানিয়ে নেওয়ার প্রয়োজন থেকেই ধর্মান্তর হবে।
১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের পর আরব ও মুসলিম দেশগুলো থেকে যেসব ইহুদি এসেছিলেন, রেকর্ডিংয়ে তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন বারাক। তিনি বলেন, ইসরায়েলের প্রতিষ্ঠাতারা- যারা মূলত পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ আশকেনাজি ইহুদি ছিলেন, তারা যতটা পেরেছেন ততটাই করেছেন। তারা উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকেই হোক ইহুদিদের নিয়ে এসেছিলেন। এখন আমরা বাছাই করতে পারি। আর আমি মনে করি, কে ইহুদি হবে, তা নিয়ে আমাদের অনেক বেশি খোলা মন থাকা উচিত। আমরা সহজেই আরও এক মিলিয়ন মানুষকে গ্রহণ করতে পারি।
