জরুরি অবতরণ করল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান
ইরানের হামলায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে সিএনএন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই স্টেলথ জেটটি ইরানের আকাশে একটি যুদ্ধ মিশনে ছিল, যখন সেটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়।
তিনি বলেন, “বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন এফ-৩৫-এ আঘাত হেনেছে এবং এতে বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ঘটনাটি বৃহস্পতিবার ভোর ২টা ৫০ মিনিটে ইরানের মধ্যাঞ্চলের আকাশে ঘটেছে। তারা আরও বলেছে, “বিমানটির চূড়ান্ত অবস্থা এখনও অজানা এবং তদন্তাধীন রয়েছে, এটি ভূপাতিত হয়ে থাকতে পারে।”
যদি এই ঘটনা নিশ্চিত হয়, তাহলে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরান কোনো মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে বিবেচিত হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশই এই সংঘাতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছে।
