গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্যসহ নিহত ৫

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা অব্যাহত রয়েছে।

ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে অগ্রগতি থমকে থাকায় গাজা উপত্যকা এখনও রক্তপাতের মধ্যে রয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির সাবরা এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় আল-সাফাদি পরিবারের চার সদস্য নিহত হন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের দুই কন্যা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ওই হামলায় আরও ১২ জন আহত হয়েছেন।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল জানিয়েছে, তারা আল-সাফাদি পরিবারের চার সদস্যের মরদেহ গ্রহণ করেছে, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

হাসপাতালটি আরও জানায়, গাজা সিটির উত্তরাঞ্চলের একটি মোড়ের কাছে পৃথক একটি ইসরায়েলি ড্রোন হামলায় নিহত আরেক ব্যক্তির মরদেহও তারা গ্রহণ করেছে।

এএফপি এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১,০১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এই মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে সাধারণভাবে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে।

গাজায় গণমাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধ এবং সীমিত প্রবেশাধিকারের কারণে এএফপি হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে বা সেখানে সংঘটিত সহিংসতার খবর স্বাধীনভাবে সংগ্রহ করতে পারছে না।