কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা ইরানের
কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। গত বছর ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার তালিকাভুক্তির পাল্টা হিসেবে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পদক্ষেপ নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী হিসেবে অটোয়ার সন্ত্রাসী সংগঠনের ঘোষণার প্রতিশোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এতে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতার মূলনীতির ভিত্তিতে রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত এবং ঘোষণা করা হলো। তবে কানাডার এই নৌবাহিনীকে ইরানের সন্ত্রাসী সংগঠন ঘোষণার ফলে কি ধরনের প্রভাব অথবা পদক্ষেপের মুখোমুখি হতে হবে, সেই বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।
এর আগে ২০২৪ সালের ১৯ জুন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে কানাডা। এতে বাহিনীটির সদস্যদের কানাডায় প্রবেশ এবং আইআরজিসির কোনও সদস্য কিংবা সংগঠনটির সঙ্গে কানাডীয়দের লেনদেন নিষিদ্ধ হয়ে যায়। এ ছাড়া সংগঠনটির কিংবা তার সদস্যদের কানাডায় থাকা সব সম্পত্তিও জব্দ করা হয়।
