কড়া হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহ নেতা

লেবাননের হিজবুল্লাহ নেতা নাইম কাসেম রোববার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গ্রুপটিকে নিরস্ত্রীকরণ একটি ইসরায়েলি-আমেরিকান পরিকল্পনা বলেও জানান তিনি। হিজবুল্লাহ প্রধানের অভিযোগ, গেল বছরের যুদ্ধবিরতি চুক্তি মানছে না ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপ ও ইসরায়েলি হামলার ভয়ে লিতানি নদীর দক্ষিণাঞ্চলীয় এলাকায় হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করতে চায় লেবাননের সেনাবাহিনী। এই এলাকাটি ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

পরিকল্পনা অনুযায়ী এ বছর শেষ হওয়ার আগেই ওই এলাকায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা হবে। পরে পুরো দেশেই ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণ করবে লেবাননের সেনাবাহিনী। এমতাবস্থায় কাসেম বলছেন, নিরস্ত্রীকরণ হচ্ছে একটি ইসরায়েলি-আমেরিকান পরিকল্পনা।

“ইসরায়েল যখন আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং আমেরিকা যখন লেবাননের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে তাকে ক্ষমতাহীন করছে, সেই সময় একতরফাভাবে অস্ত্র নিয়ন্ত্রণ দাবি করা মানে লেবাননের স্বার্থে কাজ করা নয়; বরং ইসরায়েল যা চায়, তার স্বার্থে কাজ করা।”

এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে গেল বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাঁচটি এলাকায় ইসরায়েল এখনও সেনা মোতায়েন করে রেখেছে।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে তাদের বাহিনীকে সরিয়ে নেওয়ার কথা ছিল। পাশাপাশি যে এলাকাগুলো তারা সরে যাবে, সেসব এলাকায় তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলারও শর্ত দেওয়া হয়েছিল।