ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে দুই ব্যক্তি গ্রেপ্তার

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে তুরস্ক। তারা মোসাদকে তথ্য সরবরাহ করেছিল, যা সংস্থাটিকে শত্রুদের লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে—শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, মেহমেত বুদাক দেরিয়া ও ভেইসেল কেরিমওগ্লুকে ইস্তাম্বুলে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি (MIT)-এর নজরদারিতে ছিলেন।

সূত্রগুলো জানায়, খনি প্রকৌশলী দেরিয়া ২০০৫ সালে দক্ষিণ উপকূলীয় শহর মেরসিনের কাছে একটি মার্বেল খনি চালু করে এবং বিদেশে ব্যবসা শুরু করার পর প্রথমবার মোসাদের নজরে আসেন। ২০১২ সালে ‘আলি আহমেদ ইয়াসিন’ নামের এক ব্যক্তির মাধ্যমে তার সঙ্গে প্রথম যোগাযোগ করা হয় বলে দাবি করা হয়েছে।

তদন্তকারীরা জানান, ইয়াসিন একটি ইসরায়েলি ছদ্ম কোম্পানি পরিচালনা করতেন এবং ২০১৩ সালে ইউরোপে একটি ব্যবসায়িক বৈঠকের জন্য দেরিয়াকে আমন্ত্রণ জানান। সেখানেই দেরিয়ার প্রথমবারের মতো মোসাদ এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ হয় বলে অভিযোগ।

ওই বৈঠকে মার্বেল ব্যবসা নিয়ে আলোচনা হয় এবং তারা দেরিয়াকে ভেইসেল কেরিমওগ্লু নামে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক তুর্কি নাগরিককে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন বলে জানানো হয়েছে।

পরবর্তীতে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু করেন বলে অভিযোগ। কেরিমওগ্লুর বেতন মোসাদই দিত বলে দাবি করা হয়েছে।

কেরিমওগ্লুর মাধ্যমে দেরিয়া মধ্যপ্রাচ্যে তার কর্মকাণ্ড বাড়ান, ইসরায়েলের নীতির বিরোধী ফিলিস্তিনিদের সঙ্গে সামাজিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সম্পর্কে তথ্য মোসাদের কাছে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, তারা যে সব স্থাপনা অধিগ্রহণের চেষ্টা করছিলেন—বিশেষ করে গাজায়—সেসব স্থানের প্রযুক্তিগত তথ্য ও ছবি মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।