আসছে ব্লুটুথ ৬.০, সেন্টিমিটার মেপে বলবে লোকেশন!

স্মার্টফোন, ট্যাব থেকে শুরু করে কম্পিউটার-ল্যাপটপের ব্লুটুথে আসছে বড় বদল। এবার থেকে সংশ্লিষ্ট ডিভাইসগুলোতে থাকবে এর ৬.০ ভার্সন। এতদিন ব্লুটুথের ক্ষেত্রে পাঁচ সিরিজ়ের প্রযুক্তির সুবিধা পেতেন গ্রাহকরা। তবে নতুন ভার্সনে রয়েছে চমকে দেয়া বেশ কিছু বিশেষ ব্যবস্থা।

২০১৬ সালে বাজারে আসে ব্লুটুথ ৫.০। যার কার্যক্ষমতা আগের চেয়ে চার গুণ বেশি বাড়ানো হয়েছিল। কিছুদিন পর স্মার্টফোনসহ অন্য ডিভাইসে যুক্ত হয় ৫.১ শ্রেণির ব্লুটুথ। এতে অবশ্য পাল্লা সেভাবে বাড়ানো হয়নি। সেই জায়গায় নিখুঁতভাবে অন্যান্য ডিভাইস খুঁজে পাওয়ার দিকে বেশি জোর দেন প্রযুক্তিবিদরা।

তৃতীয় ধাপে বাজারে আসে ৫.২ শ্রেণির ব্লুটুথ। এতে শব্দ ব্যবস্থাকে দুর্দান্ত করা হয়। আগে ব্লুটুথের জন্য ডিভাইসের ব্যাটারি খরচ হতো অনেক বেশি। ৫.২-তে সেটাকে অনেকটা কমিয়ে আনে সব টেক জায়ান্ট। এরপর বাজারে আসে ব্লুটুথের ৫.৩ ভার্সন। তাতে স্থিতিশীল হয় ডিভাইসের সঙ্গে যোগাযোগ।

বর্তমানের নতুন স্মার্টফোনগুলোতে রয়েছে ৫.৪ ভার্সানের ব্লুটুথ। এর সাহায্যে একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা। বর্তমানে শুধুমাত্র স্মার্টফোন বা স্মার্ট ঘড়ির সঙ্গে যুক্ত হতে যে ব্লুটুথ ব্যবহার হচ্ছে, তা কিন্তু নয়। গাড়ির চাবিতেও থাকছে এই প্রযুক্তি। সেটা ব্যবহার করে গাড়ি লক বা আনলক করতে পারছেন ব্যবহারকারীরা।

বিশ্লেষকদের দাবি, ব্লুটুথে যে ৬.০ ভার্সনটি আসছে, তার সাহায্যে সুনির্দিষ্ট দূরত্বের সঠিক মাপ জানতে পারবেন গ্রাহকরা। কারও কাছে ব্লুটুথ-যুক্ত গাড়ির চাবি থাকলে গাড়ির কতটা কাছাকাছি গেলে সেটা কাজ করবে, এবার সেটাও বলে দেবে নতুন প্রযুক্তি। অর্থাৎ কোনও কিছুর সঠিক অবস্থান সেন্টিমিটারে মাপার সুবিধা থাকছে ব্লুটুথ ৬.০-তে।