দক্ষিণ লেবাননে ইসরায়েলি গুলিতে দুইজন নিহত
দক্ষিণ লেবাননে মঙ্গলবার ইসরায়েলি সেনাদের গুলিতে দুইজন নিহত হয়েছে বলে লেবাননের সিভিল ডিফেন্স ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। গত তিন দিনে ইসরায়েলি গুলিতে প্রাণহানির এটি প্রথম ঘটনা।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে দক্ষিণ লেবাননে কার্যত যুদ্ধবিরতি রবিবার থেকে বেশিরভাগ ক্ষেত্রে বজায় ছিল, যা যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত থেকে ছড়িয়ে পড়া যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বিরতি হিসেবে দেখা হচ্ছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল-ফাউকা এলাকার আল-দেইর পাড়ায় একটি বুলডোজার দিয়ে রাস্তা পরিষ্কার করার সময় একদল মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা এই প্রতিবেদনের বিষয়টি যাচাই করছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখতে “ডি-কনফ্লিকশন সেল” গঠন করা হবে।
গেল ২ মার্চ হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে গুলি চালানোর পর থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৭৩ জন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা ছিল তা উল্লেখ করা হয়নি।
লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলার কারণে প্রায় ১২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
অন্যদিকে, এই দফার সংঘাতে ইসরায়েলের নিহতদের মধ্যে অন্তত ৩২ জন সেনা এবং ৪ জন বেসামরিক নাগরিক রয়েছে।
