কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় জাহাজের এক নাবিক নিহত, আহত ২
পানামার পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলায় একজন নাবিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে শুক্রবার রাতে পানামা মেরিটাইম অথরিটি (এএমপি) জানিয়েছে।
এএমপির বিবৃতিতে বলা হয়, ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে। আহত দুই নাবিকের একজনের অবস্থা গুরুতর। তবে হামলার পরও জাহাজটি তার নির্ধারিত পথে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রোটোকল সক্রিয় করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
তবে ড্রোন হামলাটি কোথা থেকে চালানো হয়েছে, সে বিষয়ে এএমপি কোনো তথ্য দেয়নি।
একই সঙ্গে সংস্থাটি জাহাজগুলোকে কৃষ্ণ সাগর এবং এর উত্তরে অবস্থিত আজভ সাগর অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, পানামা বিশ্বের বৃহত্তম জাহাজ নিবন্ধন ব্যবস্থা পরিচালনা করে। বিশ্বের মোট বাণিজ্যিক নৌবহরের প্রায় ১৬ শতাংশ জাহাজ পানামার পতাকা বহন করে চলাচল করে।
