যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিতের পর সুইজারল্যান্ডে যাচ্ছেন উইটকফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পরও মার্কিন দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে শুক্রবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।

অ্যাক্সিওস এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, উইটকফ শুক্রবার আল্পস পর্বতমালাবেষ্টিত দেশ সুইজারল্যান্ডের পথে ছিলেন।

সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান প্রাথমিক শান্তি চুক্তির পরবর্তী কারিগরি আলোচনাগুলো আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করছে। এ প্রেক্ষাপটেই উইটকফের এই সফর।

সিএনএন আরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দূত জ্যারেড কুশনারও আলোচনার জন্য সুইজারল্যান্ডে থাকার কথা ছিল। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তারা এ তথ্য জানায়। অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, কুশনার ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছেন।

তবে উইটকফ কোনো ইরানি কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও প্রথমে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তার সফর স্থগিত করেছেন বলে বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউস ঘোষণা দেয়।

শুক্রবারের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে হওয়া চুক্তির ভিত্তির ওপর এগিয়ে যাওয়া এবং একটি স্থায়ী সমাধানের পথে কাজ করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।

তবে আলোচনার নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধটি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন বলে দাবি করা হয়েছে।